Saturday, November 30, 2019

মোটরসাইকেলের ধাক্কায় বাংলাভিশন গাড়িচালকের মৃত্যু




রাজধানীর যাত্রাবাড়ী মাদরাসা রোডের সাদ্দাম মার্কেট এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় মো. আবদুল আল মামুন সরকার (৪০) নামে বাংলাভিশন টেলিভিশনের গাড়িচালকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। কর্তব্যরত চিকিৎসক সন্ধ্যা ৭টায় তাকে মৃত ঘোষণা করেন।

 মোটরসাইকেলের ধাক্কায় বাংলাভিশন গাড়িচালকের মৃত্যু

মামুন সরকারকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা সিয়াম আলী জানান, তারা কয়েকজন সহপাঠী সাইনবোর্ড গিরিধারা এলাকায় কোচিং শেষ করে মাতুয়াইলের বাসায় যাচ্ছিলেন। মাদরাসা রোডে রাস্তা পারাপারের সময় ওই ব্যক্তিকে ঢাকাগামী একটি মোটরসাইকেল ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মামুন সরকারের শ্যালক ইমরান খান জানান, কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার শিবলাই গ্রামের মৃত আবুল কাশেমের ছেলে মামুন। বর্তমানে যাত্রাবাড়ীর ধনিয়া এলাকায় পরিবার নিয়ে থাকতেন। তিনি তিন সন্তানের জনক। বাংলাভিশন টেলিভিশনের গাড়িচালক ছিলেন মামুন।

ঢামেক হাসপাতাল পুলিশ বক্সের ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
এআর/এমএআর/এমএস
সূত্র 

লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত



লক্ষ্মীপুরে অটোরিকশা-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে কলেজছাত্র নিহত

লক্ষ্মীপুরে সিএনজিচালিত অটোরিকশার সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নাইম আল হাসান পারভেজ নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। এসময় আরও তিনজন আহত হয়েছেন। তারা হলেন-নাইমের বন্ধু আসিফ, অটোরিকশা যাত্রী রাসেল ও সাগর। এর মধ্যে আসিফের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে।
শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় লক্ষ্মীপুর-রামগতি সড়কের সুতারগোপ্টা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত নাইম লক্ষ্মীপুর সরকারি কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও সদর উপজেলার জকসিন বাজার এলাকার জাহাঙ্গীর হোসেনের ছেলে।

প্রত্যক্ষদর্শী ও আহতরা জানান, নাইম তার বন্ধু আসিফকে নিয়ে মোটরসাইকেলযোগে কমলনগরের মতিরহাট মেঘনা তীরে ঘুরতে যাচ্ছিলেন। এসময় নাইমের মাথায় হেলমেট ছিল না। হঠাৎ মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলে বিপরীত দিক থেকে আসা অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নাইম, আসিফ ও অটোরিকশার দুইযাত্রী আহত হন। স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক নাইমকে মৃত ঘোষণা করেন।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) আনোয়ার হোসেন বলেন, দুর্ঘটনায় নাইম নামে একজন নিহত হয়েছেন। আহত দুইজনকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেয়া হচ্ছে। গুরুতর অবস্থায় আসিফ নামে একজনকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
কাজল কায়েস/এসআর
সূত্র 

আহত ছাত্রকে নিয়ে ফেরার পথে লাশ হলেন পাবিপ্রবির অ্যাম্বুলেন্স চালক



আহত ছাত্রকে নিয়ে ফেরার পথে লাশ হলেন পাবিপ্রবির অ্যাম্বুলেন্স চালক



ট্রাকের সঙ্গে অ্যাম্বুলেন্সের মুখোমুখি সংঘর্ষে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) অ্যাম্বুলেন্স চালক রাজু আহমেদ (৩০) নিহত হয়েছেন। পাবনা সদর উপজেলার পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর নামক স্থানে শুক্রবার (২৯ নভেম্বর) রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
এসময় পাবিপ্রবির পদার্থ বিজ্ঞানের ছাত্র রুপম (৩০), খলিল (৩৫), ট্রাকচালক নুরু মিয়া (৪৫) ও পথচারী মহরম (৪০) নামের চারজন গুরুতর আহত হয়েছেন। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
নিহত রাজু আহমেদ পাবনা সদর উপজেলার চর সাধুপাড়া গ্রামের মহসিন ড্রাইভারের ছেলে। তিনি পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি শ্বিবিদ্যালয়ের মেকানিক কাম অ্যাম্বুলেন্স ড্রাইভার ছিলেন।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর প্রীতম কুমার দাস বলেন, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একছাত্র আহত হন। আহত ছাত্রকে বিশ্ববিদ্যালয়ের অ্যাম্বুলেন্স করে পাবনা সদর হাসপাতালে নেয়া হয়। তাকে চিকিৎসা করিয়ে ফেরার পথে পাবনা-ঢাকা মহাসড়কের রাজাপুর যুব উন্নয়নের সামনে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক রাজু নিহত ও চারজন গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস হাসপাতালে যান এবং আহতদের খোঁজখবর নেন।
এ কে জামান/এসআর
সূত্র